ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে। অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে, এবং তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। অধিবেশনে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনা হবে। পরে আইনমন্ত্রী সংসদে ১৩৩টি অর্ডিন্যান্স উপস্থাপন করবেন।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, আগামীকালের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, ১৫ মার্চ পর্যন্ত অধিবেশন চলার পর সাময়িক বিরতি হতে পারে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নতুন অধিবেশন এবং সংসদের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।
জামায়াতে ইসলামী জানিয়েছে, সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার পরই তারা ডেপুটি স্পিকার পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
আপনার মতামত লিখুন :