ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা ঘিরে কূটনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করেছে স্পেন।
বুধবার প্রকাশিত সরকারি গেজেটে স্পেন সরকার জানায়, তেল আবিবে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। আপাতত দেশটির দূতাবাস একজন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ বা অন্তর্বর্তীকালীন প্রধানের মাধ্যমে পরিচালিত হবে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে কূটনৈতিক বিরোধের জেরে স্পেন তাদের রাষ্ট্রদূতকে তলব করেছিল। একই সময় গাজা যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে ইসরায়েলি অস্ত্র বহনকারী বিমান বা জাহাজকে স্পেনের আকাশসীমা ও বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় মাদ্রিদ।
স্পেনের ওই পদক্ষেপকে সে সময় ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যা দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি ঘটে। গত মে মাসে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিলে প্রতিবাদ হিসেবে ইসরায়েলও তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরোধিতা করায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। চলতি মাসের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী স্পেনকে ‘স্বৈরশাসকদের সহযোগী’ বলেও অভিযুক্ত করেন।
সূত্র: রয়টার্স।
আপনার মতামত লিখুন :