জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা স্পিকার ও ডেপুটি স্পিকারের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং প্রয়াত দুই নেতার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশে গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং এ প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সময়।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

স্পিকার আরও বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণের সমর্থনের মাধ্যমে সংসদে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে। সংসদের নিরপেক্ষতা বজায় রাখতে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তারা দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এই কর্মসূচিতে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, সার্জেন্ট অ্যাট আর্মস এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।