পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের মহাসড়কগুলোতে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে সাত দিনের জন্য ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত আগামী ২৩ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামাল দিতে এবং যানজট কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে বিঘ্ন এড়াতে কিছু যানবাহনকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ ছাড়া মহাসড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং না করার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে।
পরিবহন ব্যবস্থাপনা তদারকির জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে ১৬১০৭ নম্বরে বা নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল, যেখানে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে মহাসড়কে ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার কথা বলা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে এবারের ঈদযাত্রায় ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :