বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

ঢাকা থেকে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস বগুড়ার আদমদিঘি এলাকায় লাইনচ্যুত হওয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় অন্তত ৪০ থেকে ৫০ জন যাত্রী হালকা আহত হয়েছেন বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

আদমদিঘি উপজেলার সাতিয়ান এলাকায় দুপুর ২টা ৬ মিনিটের দিকে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

রেলওয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চিলাহাটিগামী ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে সামনের দিকের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আঘাতপ্রাপ্ত হন, তবে গুরুতর হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাস্থলটি একক রেললাইনের আওতায় হওয়ায় ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে।

উদ্ধার কার্যক্রম দ্রুত শুরু করতে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানান, লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।