এসএসসি পরীক্ষাকক্ষে বসবে সিসিটিভি, নকল ঠেকাতে ১১ দফা নির্দেশনা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ১:১৬ অপরাহ্ন

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজন নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

এ লক্ষ্যে কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য ১১ দফা বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শনিবার (২৮ মার্চ) সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়-এ অনুষ্ঠিত এক সভায় পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

প্রধান নির্দেশনাগুলো হলো:

  • প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা
  • অচল ক্যামেরা পরীক্ষা শুরুর আগেই সচল করা
  • ধারণকৃত ভিডিও সংরক্ষণ ও প্রয়োজনে কর্তৃপক্ষকে সরবরাহ
  • প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি স্থাপন
  • পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন
  • কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা
  • পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান
  • নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ
  • কেন্দ্রের প্রবেশপথে প্রয়োজনীয় নির্দেশনা টাঙানো
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করা
  • শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।