রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির সুযোগ পেতে যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে এবং বিকল্প উৎস খোঁজার কাজও চলছে।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী জানান, প্রায় ছয় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমতি চেয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ঈদের পরপরই পাঠানো এই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে সরকার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পূর্বে ভারতকে রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে সীমিত ছাড় দিয়েছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশও অন্তত দুই মাসের জ্বালানি চাহিদা পূরণের জন্য অনুরূপ সুবিধা চেয়েছে।

একই সঙ্গে ভারত থেকে জ্বালানি সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, চলতি বছরের প্রথমার্ধে ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি পাওয়ার কথা থাকলেও শুরুতে সরবরাহ ছিল সীমিত। পরবর্তীতে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার পর পরিস্থিতির উন্নতি হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ২২ হাজার মেট্রিক টন ডিজেল পাওয়া গেছে।

জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা মোকাবিলায় ইন্দোনেশিয়া থেকে দুটি বড় কার্গো আসার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতিও হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন এই কর্মকর্তা। তিনি বলেন, সীমিত পরিসরে চলাচলের অনুমতির খবর থাকলেও চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এ পথ এখনো ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ছাড়া অন্য জাহাজের চলাচলে বাড়তি জটিলতা তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব বাড়তে থাকায় বাংলাদেশসহ আমদানিনির্ভর দেশগুলোকে বহুমুখী উৎস নিশ্চিত করার কৌশল অবলম্বন করতে হচ্ছে।