হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান দ্রুত সমাপ্ত করার কৌশল বিবেচনা করছেন, যদিও হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে পুনরায় উন্মুক্ত না-ও হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বৈঠকগুলোতে ট্রাম্প ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, হরমুজ প্রণালি জোরপূর্বক খুলতে সামরিক অভিযান চালানো হলে সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে নির্ধারিত সময়সীমা অতিক্রম করতে পারে যুদ্ধ, যা ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্যকে জটিল করে তুলবে।

বর্তমান পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হিসেবে ইরানের নৌক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দুর্বল করে দেওয়া এবং পরবর্তীতে কূটনৈতিক চাপ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সামরিক ও কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য জলপথে প্রবেশাধিকার নিশ্চিত করতে বাধ্য করা যেতে পারে।

তবে এই কৌশল কার্যকর না হলে যুক্তরাষ্ট্র ইউরোপ ও উপসাগরীয় মিত্রদের ওপর আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য চাপ সৃষ্টি করতে পারে, যাতে তারা প্রণালিটি পুনরায় চালুর উদ্যোগ নেয়।

অন্যদিকে, সংঘাত প্রশমনের আলোচনা চললেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে। সম্প্রতি মার্কিন নৌবাহিনীর বিশেষ জাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এ অঞ্চলে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত স্থলবাহিনী পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত দিলেও সামরিক প্রস্তুতি অব্যাহত রাখার এই দ্বৈত অবস্থান ভবিষ্যৎ পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা কমার বদলে নতুন মাত্রা যোগ করতে পারে।