সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে গণভোট ও জুলাই সনদ বিষয়ে আলোচনার সূচনায় তিনি এ দাবি করেন।

বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি বলে মন্তব্য করেন তিনি।

স্পিকারের প্রতি সম্বোধন করে ডা. শফিকুর রহমান বলেন, “আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমিও একটি শহীদ পরিবারের সদস্য—মুক্তিযুদ্ধে আমাদের পরিবারের কয়েকজনের আত্মত্যাগ রয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার ইতিহাস ও ত্যাগের স্মৃতি ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা জরুরি।

এর আগে বিভিন্ন সময়ে নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিলেও জাতীয় সংসদের আনুষ্ঠানিক অধিবেশনে এ ধরনের দাবি এই প্রথম উত্থাপন করলেন তিনি।