ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানায় অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও দুইজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার বিকেলে শহরের একটি পাঁচতলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বিস্ফোরণের পরপরই ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের হাইফা শাখা জানায়, ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর স্থানীয় ইউনিটে পাঠানো হয়েছে।
রাতভর উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্য দুজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন প্রায় ৪৫০ কেজি ছিল, যা আঘাতের তীব্রতা বাড়িয়ে দেয়।
ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পরিস্থিতির আরও অবনতি হলে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়তে পারে বলে বিশ্লেষকদের অভিমত।
আপনার মতামত লিখুন :