যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা আলোচনাকে সামনে রেখে নতুন করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, সংলাপ চললেও ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন অব্যাহত থাকবে এবং কোনো চুক্তি না হলে পুনরায় সামরিক অভিযান শুরু হতে পারে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনাসদস্য ও সামরিক সরঞ্জাম বর্তমান অবস্থানেই থাকবে। তার ভাষায়, ইরান একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো পর্যন্ত এই সামরিক উপস্থিতি বজায় থাকবে।
তিনি আরও সতর্ক করে বলেন, আলোচনায় ব্যর্থতা দেখা দিলে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া হবে “ব্যাপক ও নজিরবিহীন।”
পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আলোচনার ভিত্তি হিসেবে রয়েছে ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা এবং তেহরানের পাল্টা ১০ দফা প্রস্তাব। উভয় পক্ষই যুদ্ধবিরতির একটি কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে, যদিও শর্ত ও সময়সীমা নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই সংলাপকে চলমান উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হলেও, সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
আপনার মতামত লিখুন :