কুষ্টিয়া-র দৌলতপুর উপজেলায় ধর্মীয় বিতর্ককে কেন্দ্র করে সহিংস ঘটনায় স্থানীয়ভাবে ‘ভণ্ডপীর’ হিসেবে পরিচিত শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নিহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুর উপজেলা-র ফিলিপনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনতা তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং তার কয়েকজন অনুসারীকেও মারধর করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওই ভিডিওতে তার বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে—এমন অভিযোগে স্থানীয়দের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই জনতা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় শামীম রেজাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিতর্কিত ধর্মীয় মতবাদ প্রচার করছিলেন এবং প্রচলিত ইসলামী বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। এর জেরে এলাকায় আগে থেকেই ক্ষোভ জমে ছিল।
পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগেও ২০২১ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তিনি কারাভোগ করেন। মুক্তির পর আবারও একই ধরনের কার্যক্রম শুরু করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
আপনার মতামত লিখুন :