অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ১, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন /
অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ স্বৈরাচারকে পরাজিত করে নতুন অধ্যায়ের সূচনা করেছে; এখন শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার সময়।

শুক্রবার (১ মে) বিকেলে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে দ্রুত এসব শিল্পপ্রতিষ্ঠান সচল করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কর্মহীন শ্রমিকরা পুনরায় কাজে ফিরতে পারেন। তিনি জানান, বিষয়টি নিয়ে চলতি সপ্তাহেই আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, কেবল বন্ধ কারখানা চালু করলেই কর্মসংস্থানের সমস্যা পুরোপুরি সমাধান হবে না। দেশে বিপুলসংখ্যক বেকার তরুণ রয়েছে। তাদের জন্য দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকেও সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

শ্রমিক ও কৃষকের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ও কৃষক ভালো থাকলে দেশ এগিয়ে যাবে। খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অগ্রাধিকার।

রাজধানীতে হকারদের উচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, নগরীর যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হলেও হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে তাদের ব্যবসার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আশ্বাস দেন, পর্যায়ক্রমে হকারদের সম্মানজনকভাবে পুনর্বাসন করা হবে, যাতে তারা নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন।

সমাবেশে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।