চট্টগ্রামে একীভূত ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ বাতিলের দাবি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম-এ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংকের আমানতকারীরা তাদের জমা টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।
বুধবার (৬ মে) সকাল ১১টা থেকে বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

‘বাংলাদেশ ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যাংকে জমা রাখা অর্থ উত্তোলন করতে পারছেন না। এতে পরিবার ও ব্যবসা পরিচালনায় চরম সংকটে পড়েছেন তারা। সামনে ঈদুল আজহা থাকায় কোরবানির প্রস্তুতিও অনিশ্চয়তায় পড়েছে বলে জানান অনেকে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমার টাকা ফেরত চাই’, ‘হেয়ার কাট মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন। এক প্রবাসফেরত আমানতকারী জানান, বহু বছর বিদেশে শ্রম দিয়ে সঞ্চিত অর্থ ব্যাংকে জমা রাখলেও এখন তা তুলতে না পেরে তিনি বিপাকে পড়েছেন।

আন্দোলনকারীদের প্রধান দাবি—আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, উত্তোলনের সীমাবদ্ধতা তুলে নেওয়া এবং দ্রুত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু করা। একই সঙ্গে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য, তারল্য সংকট ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

এদিকে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান, ফলে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।