স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে মোতায়েন থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে।
সভা সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন থেকে সেনা প্রত্যাহারের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ফিরিয়ে আনা হবে, এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকে তাদের প্রত্যাহার করা হবে। জুনের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারির পর দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে সেনাবাহিনী মাঠ পর্যায়ে কার্যক্রম অব্যাহত রাখে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এক ব্রিফিংয়ে জানান, বর্তমানে সেনাবাহিনী মূলত ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। আগে তারা গ্রেপ্তারসহ কিছু আইনগত পদক্ষেপ নিতে পারলেও বর্তমানে এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না।
আপনার মতামত লিখুন :