বাংলাদেশে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দুর্নীতি দমন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি-ও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং সুশাসন জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইফতেখারুজ্জামান বলেন, “সুশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রম নিয়ে আমরা প্রধানমন্ত্রীর কাছে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেছি। তিনি বিষয়গুলো অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তিনি জানান, বৈঠকে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সংস্কার ও পুনর্গঠনের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। টিআইবি মনে করে, দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে কাঠামোগত সংস্কার প্রয়োজন।
ইফতেখারুজ্জামান বলেন, “বর্তমান সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি বার্তা দিতে চায় যে তারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। সেই ধারাবাহিকতায় ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এই সম্মেলন প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এর আগে এশিয়ার মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া সম্মেলনটি আয়োজন করেছে। চলতি বছরের সম্মেলন অনুষ্ঠিত হবে ডোমিনিকান রিপাবলিক-এ।
টিআইবি প্রধানের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নীতিগতভাবে প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং মন্ত্রিসভার অনুমোদনের পর সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে।