সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১৮ দিন পর আবারও পাথর আমদানি শুরু


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৪:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ১৮ দিন বন্ধ থাকার পর আবারও ভারতীয় পাথর আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল থেকেই বন্দরে পাথরবোঝাই ট্রাক প্রবেশ করতে দেখা যায়। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

উভয় দেশের আমদানিকারক ও রপ্তানিকারক প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে প্রতি মেট্রিক টন পাথরের শুল্কায়ন মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণের সিদ্ধান্তের পর আমদানি কার্যক্রম পুনরায় চালুর পথ খুলে যায়। এরআগে সোমবার বিকেলে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকের পর সন্ধ্যায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা মঙ্গলবার সকাল থেকে পাথর আমদানি পুনরায় শুরুর বিষয়ে একমত হন।

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে প্রতি মেট্রিক টন পাথরের মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সকাল থেকে বন্দরের আমদানি কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হয়।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ করে পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করলে বাংলাদেশি আমদানিকারকরা প্রতিবাদে পাথর আমদানি বন্ধ রাখেন। দীর্ঘ অচলাবস্থার পর নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হওয়ায় স্থবিরতা কাটে।

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলে বন্দরের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে এবং শ্রমিকদের কর্মসংস্থানও পুনরায় সচল হবে।