ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নিউমার্কেট এলাকা, উড়াল সড়ক সংলগ্ন পথ, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর মহানগর এবং গাজীপুর চৌরাস্তার মতো ব্যস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে সাত দিন এবং ঈদের পর আরও তিন দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ সময় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

জানা গেছে, গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত এবং অনিয়ম প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হবে।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঈদযাত্রায় ভোগান্তি কমানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।