পাহাড়িকা এক্সপ্রেস–ট্রাক সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল বন্ধ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম, রোববার: চট্টগ্রামের মীরসরাইয়ে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার মধ্যম সোনাপাহাড়ে একটি অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটির সঙ্গে পাহাড়িকা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। রেললাইন থেকে ট্রাকটি সরিয়ে দ্রুত চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

দুর্ঘটনার প্রভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রুটে একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, সাগরিকা কমিউটার বড়তাকিয়া, বিজয় এক্সপ্রেস চিনকি আস্তানা, পর্যটক এক্সপ্রেস ফেনী এবং সোনার বাংলা এক্সপ্রেস লাকসাম জংশনের পরবর্তী অংশে অপেক্ষমাণ রয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা আশা করছেন, উদ্ধারকাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে।