রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসার বাবা।

তিনি বলেন, “আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। আদালতের এই রায়ে আমি শতভাগ সন্তুষ্ট। এখন আমাদের একমাত্র দাবি, যেন দ্রুত এই রায় কার্যকর করা হয়।”

আব্দুল হান্নান মোল্লা বলেন, “আমার মেয়েকে আর ফিরে পাব না। তবে আদালতের এই রায় আমাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন বলেই আমরা দ্রুত বিচার পেয়েছি।”

তিনি বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকর্মী এবং ঘটনার পর থেকে পাশে থাকা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রামিসার বাবা আরও বলেন, “আমার পরিবারের এই কঠিন সময়ে যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি চাই, এই রায় দ্রুত কার্যকর হোক এবং ভবিষ্যতে কোনো শিশুকে যেন এমন নির্মম ঘটনার শিকার হতে না হয়।”

দেশজুড়ে আলোড়ন তোলা এই মামলায় আদালত প্রধান আসামি সোহেল রানা এবং অপর আসামি স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করেন। রায়ের মাধ্যমে আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলেও ভুক্তভোগী পরিবার এখন দ্রুত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে।