কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন মেধাবী শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সরাসরি সংসদ অধিবেশন দেখার বিরল সুযোগ পেয়েছেন। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ-এর আমন্ত্রণে সোমবার (৮ জুন) তারা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।
জানা গেছে, দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫২ জনকে এই শিক্ষা সফরের জন্য নির্বাচন করা হয়। তাদের সঙ্গে ছিলেন ৮ জন শিক্ষক।
সংসদ ভবন পরিদর্শন শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে উপহার তুলে দেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আজ তোমরা সংসদ ভবনে এসেছো, একদিন তোমাদেরই এখানে আসতে হবে। দেশের নেতৃত্ব দিতে হবে তোমাদেরই। বড় স্বপ্ন দেখার জন্যই তোমাদের এখানে নিয়ে আসা হয়েছে। আজ যাদের বক্তব্য শুনেছো, ভবিষ্যতে তোমরাই তাদের জায়গায় দাঁড়াবে।”
পরিদর্শনে অংশ নেওয়া নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ভূঁইয়া বলেন, “দেবিদ্বারের ইতিহাসে এই প্রথম কোনো সংসদ সদস্য শিক্ষার্থীদের সংসদ ভবন ও অধিবেশন পরিদর্শনের সুযোগ করে দিলেন। এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, পুরো দেবিদ্বারবাসীর জন্য গর্বের বিষয়। এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও নেতৃত্বের চেতনা গড়ে তুলতে সহায়তা করবে।”
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসনাত আবদুল্লাহ বলেন, “এখানে কে ধনী বা গরিব পরিবারের সন্তান, সেটি বিবেচনা করা হয়নি। বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদেরই সংসদ ভবনে আনা হয়েছে। আমাদের লক্ষ্য হলো তাদের বড় স্বপ্ন দেখতে শেখানো এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেওয়া।”
আপনার মতামত লিখুন :