নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত? নিসচা মহাসচিব সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১২, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুর আমতলা মোড়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির লেগুনার ধাক্কায় তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে রাজধানীর ইসলামী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মাথায় গুরুতর আঘাতের কারণে ছয়টি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, এটি শুধুই একটি সড়ক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনো হামলার অংশ।

নিসচার নেতাদের দাবি, সংগঠনটি দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং অবৈধ ও বেপরোয়া লেগুনা চলাচল বন্ধের দাবিতে আন্দোলন, জনসচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসছে। সম্প্রতি সরকারও এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে সংগঠনের মহাসচিবের ওপর লেগুনার ধাক্কার ঘটনাটি নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

সংগঠনের একাধিক নেতা মনে করেন, অবৈধ ও বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন বা আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে কোনো মহল এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন।

নিসচার পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ, দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত লেগুনা শনাক্ত করে চালক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি বলেছে, দেশের সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দৌরাত্ম্য বন্ধ এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মহাসচিব লিটন এরশাদের ওপর সংঘটিত ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছে তারা।

উল্লেখ্য, এ ঘটনায় পরিকল্পিত হামলার অভিযোগ বা সন্দেহের বিষয়টি বর্তমানে নিসচার নেতাদের পর্যবেক্ষণ ও আশঙ্কার ভিত্তিতে উত্থাপিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক অনুসন্ধান ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই নির্ধারিত হবে।