শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, যেকোনো দিন শুরু হতে পারে আপিল শুনানি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাইকোর্টে মামলার পেপারবুক প্রস্তুত হওয়ায় যেকোনো দিন শুরু হতে পারে এই স্পর্শকাতর মামলার শুনানি।

মঙ্গলবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক আদালত মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন। পরে রায়ের অনুমোদনের জন্য পূর্ণাঙ্গ নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয় এবং তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়।

এরপর ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে আসামিরা পৃথকভাবে জেল আপিল দায়ের করেন। ১৪ জুন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল দুটি শুনানির জন্য গ্রহণ করেন। পরবর্তীতে মামলাটি বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে উপস্থাপন করা হয়।

সর্বশেষ, ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুত করেছে হাইকোর্ট। ফলে মামলাটির শুনানি শিগগিরই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।