রাজধানীর মোহাম্মদপুর এলাকার আদাবর বেড়িবাঁধ এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং এক উপ-পরিদর্শক (এসআই)।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আদাবর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার একটি ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানের একপর্যায়ে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য আহত হন।
ওসির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কলটি রিসিভ করেন এসআই আব্দুল্লাহ। তিনি জানান, অভিযান চলাকালে ছিনতাইকারীদের হামলার মুখে পুলিশ সদস্যরা আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হয়।
Md. Jewel Rana বলেন, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
এদিকে Ibne Mizan জানান, বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলা হয়। হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।
গুলিবিদ্ধ দুই ছিনতাইকারী হলেন চোরা রুবেল ও কানা আমির। এছাড়া আটক চারজনের মধ্যে রয়েছেন রুবেল, আমির, কাশেম ও জয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :