হামে আরও ৯ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি বেড়ে ৬৯৮


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকাতেই মারা গেছে ৭ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ জুন সকাল পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬০৫ জনের।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৬ হাজার ৬৫৩ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও এর উপসর্গে মারা গেছে ৩১৮ জন এবং আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১৫৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।