দেশে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে পৌঁছেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের শরীরে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ২৮৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৪১১ জন। এর মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।
আপনার মতামত লিখুন :