রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহত বেড়ে ৮; উদ্ধার অভিযান অব্যাহত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বৃষ্টির মধ্যে ভয়াবহ পাহাড়ধসে একটি মাদরাসা মাটিচাপা পড়ে অন্তত ৮ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও প্রায় ৩০ শিশু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৮ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/থ্রি সাব-ব্লকে এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ধসের সময় মাদরাসায় পাঠ চলছিল এবং সেখানে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল।

স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও তিনজনের মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ধসে চাপা পড়া শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। প্রাথমিক হিসাবে এখনও প্রায় ৩০ জন শিক্ষার্থী নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

সাম্প্রতিক টানা ভারী বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। এর আগে গত সোমবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তিনটি পৃথক স্থানে পাহাড়ধসে ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। কয়েক দিনের ব্যবধানে আবারও প্রাণঘাতী এই দুর্ঘটনা ঘটায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।