শাহজালাল (রহ.)-মাজারের দানবাক্স ১৮ দিন পর খুলে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা এবং কিছু বিদেশি মুদ্রা পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) প্রশাসনের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো দানবাক্স খোলা হয়।
মাজারের তিনটি ডেগ ও ছয়টি দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনায় প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া গণনা সন্ধ্যা পর্যন্ত চলে।
প্রশাসনের উদ্যোগে সম্প্রতি মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে দানের অর্থের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব না থাকা এবং অর্থের যথাযথ ব্যবহারের বিষয়ে বিভিন্ন অভিযোগ ছিল।
গত ২২ জুন প্রথমবার দানবাক্স খুলে ১৭ লাখ টাকার বেশি পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের নামে একটি যৌথ ব্যাংক হিসাব খোলা হয়, যেখানে দানের অর্থ জমা রাখা হচ্ছে। পাশাপাশি একটি ১৩ সদস্যের মাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, এখনো দানের অর্থ ব্যয়ের নীতিমালা চূড়ান্ত হয়নি। ফলে তহবিল থেকে আপাতত কোনো অর্থ খরচ করা হচ্ছে না।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ব্যবস্থাপনা কমিটির বৈঠকে নীতিমালা অনুমোদনের পর সিদ্ধান্ত নেওয়া হবে দানের অর্থ কীভাবে ব্যয় হবে। পরিকল্পনা অনুযায়ী, এই অর্থ থেকে স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতাকর্মীদের বেতন, লঙ্গরখানার খাদ্য ব্যয় এবং মাজারের উন্নয়নমূলক কাজে অর্থ বরাদ্দ দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :