৪৫ বছর পর আটক জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডিত মেজর মোজাফফর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ১৬, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডিত এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

জিয়াউর রহমান বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে তার জন্ম। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশের রাষ্ট্রীয় নেতৃত্বে আসেন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

১৯৮১ সালের ২৯ মে সরকারি সফরে চট্টগ্রাম যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরদিন ৩০ মে দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনাসদস্যের হাতে তিনি নিহত হন। হত্যাকাণ্ডের পর তার মরদেহ চট্টগ্রামের রাউজানের একটি দুর্গম এলাকায় গোপনে দাফন করা হয়। তিন দিন পর মরদেহ উদ্ধার করে ঢাকায় আনা হলে লাখো মানুষের উপস্থিতিতে শেরেবাংলা নগরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর মেজর (অব.) মোজাফফর হোসেনের গ্রেপ্তারকে বহুল আলোচিত এই হত্যা মামলার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।