মার্কিন হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে ইরানের পাল্টা হামলা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) ভোরে কাতারের রাজধানী দোহায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে কুয়েত ও বাহরাইনেও হামলার ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে দেশগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়।

বার্তা সংস্থা এএফপি ও জিও নিউজের তথ্য অনুযায়ী, দোহার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়। তবে পরে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে ঘোষণা দেয়, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং তাৎক্ষণিক হুমকি কেটে গেছে।

অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে দেশটির আকাশসীমায় ৩২টি শত্রু ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান বলেন, ধ্বংস হওয়া ড্রোনগুলোর কিছু অংশ আবাসিক এলাকায় পড়ে কয়েকটি ভবন ও স্থাপনার ক্ষতি করলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের হামলায় কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। একই সময়ে বাহরাইনেও বিমান হামলার সতর্কসংকেত জারি করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, বাহরাইনের সাখির বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন হেলিকপ্টার ও গোয়েন্দা নজরদারি বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী।

এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।