রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ গ্রেফতার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, পল্লবী থানার একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার ভিত্তিতেই ক্যান্টনমেন্ট থানা এ অভিযান পরিচালনা করে।

সাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতারণা, দুর্নীতি, জালিয়াতি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা রয়েছে। এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন।

এরও আগে, ২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় রিজেন্ট হাসপাতালের করোনা পরীক্ষায় জালিয়াতি ও প্রতারণার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ৩৬টিরও বেশি মামলা দায়ের করা হয়।

পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সাহেদ। পুলিশ জানিয়েছিল, তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হলেও বিভিন্ন মামলায় জামিন পাওয়ায় তিনি মুক্তি পেয়েছিলেন।

এ ছাড়া ২০১০ সালের ১৮ আগস্ট একটি চেক জালিয়াতির মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫৩ লাখ টাকা জরিমানা করেন।

সর্বশেষ গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।