দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে, যা সংক্রমণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯৭ জনে, যা ৮০০-এর কাছাকাছি পৌঁছেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৩০ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৮৭৮ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ২১৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৪৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭০৮ জনের।
এ সময়ের মধ্যে মোট ১ লাখ ২ হাজার ২৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৮ হাজার ৪১১ জন। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, রোগ শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছেন।
আপনার মতামত লিখুন :