ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ গ্রহণ করে আদালত বিষয়টি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক সুনাম ও পরিচিতিকে কেন্দ্র করে ঈর্ষাবশত ডিপজল বাদীর বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর কর্মকাণ্ডে জড়িয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে দাবি করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি ডিপজলের ভাড়া দেওয়া নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড ভেঙে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করে ভাড়া আদায়ের চেষ্টা করেন।
তবে মামলায় উল্লেখ করা হয়েছে, পুলিশি তদন্তে ওই ঘটনায় আজিজুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। কিন্তু ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেটিকে নিজের সম্পত্তি দাবি করে পোস্ট দেন, যা তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছে।
মামলায় আরও বলা হয়েছে, বিষয়টি বিভিন্ন টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে প্রচারিত হওয়ায় বাদী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আপনার মতামত লিখুন :