রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটিকে কোনোভাবেই পূর্ণাঙ্গ ডকুমেন্টারি বলা যায় না। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবিও থাকা উচিত ছিল।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ডকুমেন্টারিতে একাধিক ত্রুটি রয়েছে। তার ভাষায়, “আবু সাঈদ বিপ্লবের প্রতিচ্ছবি ও প্রতীক। তার ছবি না থাকলে সেটি কোনো ডকুমেন্টারি নয়।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার ছবিও অনুপস্থিত ছিল। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্ষমা চেয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এরপর বিষয়টি নিয়ে সংসদের মতো ওয়াকআউট করা সমীচীন ছিল না।
রাষ্ট্রপতি আরও বলেন, “এই সরকার আপনাদের নির্বাচিত সরকার। আমাদের ভুল হলে আপনারা শুধরে দেবেন। আমরা আওয়ামী লীগ হতে পারব না। আওয়ামী লীগের মধ্যে কোনো লজ্জাবোধ নেই।”
এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক ডকুমেন্টারি নিয়ে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, ডকুমেন্টারিতে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং প্রকৃত ইতিহাস যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
ডকুমেন্টারি প্রদর্শন শেষে মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে উপস্থিত ব্যক্তিরা দাঁড়িয়ে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
আপনার মতামত লিখুন :