প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (৯ আগস্ট ) এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। সফরকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর নগরীতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। এসময় বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
পরে হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার রাতে নগরীর পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে পৃথক প্রস্তুতিসভা করে প্রধানমন্ত্রীকে বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অস্থায়ী হেলিপ্যাড স্থল থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলার সর্বশেষ দক্ষিণ সীমান্ত নাজিরহাট নতুন ব্রিজ পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে মানবপ্রাচীরের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :