বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ঝালকাঠির ভীমরুলিতে অবস্থিত ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করেছেন।
রবিবার (৯ আগস্ট) সকালে তিনি একটি ছোট নৌকায় চড়ে বাজারের কর্মচাঞ্চল্য, নৌকা থেকে নৌকায় পেয়ারা কেনা-বেচা এবং বর্ষাকালের গ্রামীণ জীবনযাত্রা প্রত্যক্ষ করেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারার স্বাদও গ্রহণ করেন।
ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সকাল ৯টার দিকে ভীমরুলির ভাসমান পেয়ারা বাজারে পৌঁছান। সেখানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর মার্কিন রাষ্ট্রদূত ভাসমান বাজারটি ঘুরে দেখার জন্য একটি ছোট নৌকায় ওঠেন। তিনি খালের বুকে সারিবদ্ধ নৌকা, নৌকায় বসে পেয়ারা বিক্রি, ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা এবং চারপাশের সবুজ পরিবেশ উপভোগ করেন।

বাজার পরিদর্শনের এক পর্যায়ে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্থানীয় পেয়ারার স্বাদ নেন। তিনি ভীমরুলির মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ভাসমান বাজারের অনন্য দৃশ্যও উপভোগ করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, “ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার পরিদর্শন করে আমি আনন্দিত। এখানকার সবুজ-ঘেরা সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করেছে।”
ভীমরুলি বাজারে কিছুক্ষণ অবস্থানের পর মার্কিন রাষ্ট্রদূত ট্রলারে করে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানা এলাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্ষাকালে ভীমরুলির এই ভাসমান বাজারটি মূলত পেয়ারা উৎপাদন ও কেনা-বেচাকে কেন্দ্র করে জমে ওঠে। খালের মধ্যে নৌকায় করে পেয়ারা কেনা-বেচা করা হয়। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ এই বাজারটি এখন দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্ষাকালে ভীমরুলি দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :