হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫৫

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩১ জন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন প্রাণ হারিয়েছে।

এক দিনে নতুন আক্রান্ত ১ হাজার ৩১

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৫৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এক দিনে হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭২৬ জনের।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৩৪ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন। ফলে বিপুলসংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাম ও হামের উপসর্গে নতুন রোগী শনাক্ত এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে।