দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৪ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন পাঁচ মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। সেপ্টেম্বরের প্রথম দিনেই মৃত্যু হয়েছে আরও ৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গুতে মারা যান।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৬ হাজার ১৭০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৩৮৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৮ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের ঢাকায় ২৯৮ জন রোগী ভর্তি হয়েছেন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে ২৪৬ জন। এছাড়া চট্টগ্রামে ১৩৯, বরিশালে ১২১, রাজশাহীতে ১১৪, ময়মনসিংহে ৮৭, রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ক্রমবর্ধমান মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা চলতি বছর দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।
আপনার মতামত লিখুন :