দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৮৪ জন খুলনা বিভাগের। এ ছাড়া বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রাজশাহী বিভাগে ১২২ জন, রংপুর বিভাগে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮ হাজার ৪৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৪ হাজার ৮৫৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর সংখ্যা—দুই দিক থেকেই দেশে ডেঙ্গুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
আপনার মতামত লিখুন :