রিট খারিজ হাইকোর্টে

ডাকসুর ভিপি পদে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল বহাল


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে করা জুলিয়াস সিজার তালুকদারের রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলই বহাল থাকল বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, “সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

জুলিয়াস সিজার অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এ কারণে গত ২৭ আগস্ট তিনি চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেন। সাড়া না পেয়ে পরে হাইকোর্টে রিট করেন। রিটে তাঁর নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এবং তদন্ত কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল। পাশাপাশি প্রার্থিতা ফেরত না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিতের নির্দেশও চাওয়া হয়।

তবে শুনানি শেষে হাইকোর্ট রিট সরাসরি খারিজ করে দেওয়ায় আর কোনো বাধা থাকল না ডাকসু নির্বাচনে।