৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় সারাদেশে একযোগে অংশ নিয়েছেন তিন লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার দিন ঢাকার ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক প্রার্থীকে আটক করেছে পুলিশ। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. আব্দুর রহমান তরফদার জানান, পরীক্ষাকেন্দ্রের প্রবেশমুখে চেকিংয়ের সময় ওই প্রার্থী ধরা পড়েন এবং কেন্দ্রে প্রবেশ করতে পারেননি।
তবে এ ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পিএসসি সচিব। তিনি বলেন, “কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার পরিবেশ ছিল ভালো।”
৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি গত বছরের ২৮ নভেম্বর। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে মোট নম্বর দাঁড়ায় ১,০০০।
আবেদন প্রক্রিয়া শুরু হয় ২৯ ডিসেম্বর এবং চলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল ৮ আগস্ট, তবে ৪৩ দিন পিছিয়ে অবশেষে শুক্রবার তা অনুষ্ঠিত হলো।
আপনার মতামত লিখুন :