ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) শওকত আলী চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ৮ হাজার কোটি টাকার লেনদেন সংক্রান্ত অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু হয়। পাশাপাশি এলসির মাধ্যমে জাহাজ ভাঙার নামে অনিয়ম, শেল কোম্পানির আড়ালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তদন্তে নেওয়া হয়েছে।

দুদকের ব্যাংক শাখা এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। এর আগে গত ১৪ সেপ্টেম্বর শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকে বিশদ অভিযোগ জমা পড়ে। অভিযোগে উল্লেখ করা হয়, চট্টগ্রামের এই ব্যবসায়ী ও তার পরিবারের ১৪৬টি ব্যাংক হিসাবে ৮ হাজার কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

অভিযোগ পাওয়ার পর দুদকের মহাপরিচালক তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। বর্তমানে দুদক এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।