আবুল কালাম

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের (৩৬) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার নিজ গ্রাম ঈশ্বরকাঠিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় নিহতের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, আবুল কালাম আজাদ নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের মৃত আব্দুল জলিল চোকিদারের ছোট ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান—আব্দুল্লাহ (৫) এবং সুরাইয়া আক্তার (৩)—কে নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ফার্মগেট এলাকায় হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বিয়ারিং প্যাডটি তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণে মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, “আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাজা ও দাফনে অংশ নিয়েছি। পরিবারের পাশে সার্বক্ষণিকভাবে আমরা রয়েছি।”

উল্লেখ্য, রোববার (২৬ অক্টোবর) দুপুরে মেট্রোরেলের ফার্মগেট অংশে বিয়ারিং প্যাড খুলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।