সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে শনিবার মাঠে নামবে ভক্তরা


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যা দাবি করে তার পরিবার রমনা থানায় হত্যা মামলা দায়ের করেছে। মামলায় সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

এই মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সালমান শাহর ভক্তরা।

আগামী ১ নভেম্বর (শনিবার) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সারা দেশ থেকে আগত সালমানপ্রেমীরা।

‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’ নামের সংগঠনটি এ কর্মসূচির আয়োজন করেছে। আয়োজকরা জানান, সালমান শাহর রহস্যজনক মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও এখনো পর্যন্ত প্রকৃত তদন্ত ও বিচার সম্পন্ন হয়নি। পরিবারের অভিযোগ সত্ত্বেও প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।

সম্প্রতি দায়ের হওয়া নতুন হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবিতেই এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে দেশজুড়ে সালমানভক্তরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন,
“সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। শুরুতে তার মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবার ও ভক্তরা বরাবরই এটি পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছেন। সম্প্রতি পরিবার নতুন করে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে।