প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক: যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

ঢাকা—আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যেকোনো মূল্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি এবং সাম্প্রতিক সহিংসতার চিত্র উঠে আসে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও গ্রেপ্তারের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পুলিশ জানায়, দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে; এর মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়ে বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।