মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৩:০২ অপরাহ্ন

মদিনার পবিত্র মসজিদে নববীর দীর্ঘদিনের মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

দুই পবিত্র মসজিদবিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানায়, শেখ ফয়সাল নোমান ১৪২২ হিজরি (২০০১) সালে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন এবং প্রায় ২৫ বছর ধরে—১৪৪৭ হিজরি পর্যন্ত—এই দায়িত্ব পালন করেন। তাঁর সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বজুড়ে লাখো মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল।

শেখ ফয়সাল নোমান বংশ পরম্পরায় এই সম্মান অর্জন করেন। তাঁর দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আর তাঁর পিতা কৈশোরেই এই দায়িত্বে নিযুক্ত হন। তাঁর মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।