২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৯৩৫ জন, মোট আক্রান্ত ছাড়াল ৯৪ হাজার

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২৯৪


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রাণ গেছে ৪৯ জনের।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩৫ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগে এবং দুজন খুলনা বিভাগের বাসিন্দা।

সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওই মাসে প্রাণ হারিয়েছেন ১৪৮ জন।

আগস্টে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪৩ জনের। এর আগে জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাসেই ডেঙ্গুতে দুজন করে মারা যান।

চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।