দীর্ঘ প্রতীক্ষা ও নানা কারিগরি জটিলতা পেরিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ শুরুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)।
বৃহস্পতিবার এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটকে সক্রিয় করার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করতে পারবে প্রকল্প কর্তৃপক্ষ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
বায়রা চেয়ারম্যান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযুক্ত করার আগে আরও দুটি অনুমোদন প্রয়োজন হবে।
কাটল কারিগরি জটিলতা
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ব্যবস্থার সেফটি ভালভ—পিআরওভি/পিওএসভি—সংক্রান্ত জটিলতার কারণে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’র অনুমোদন আটকে ছিল।
পরে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল এসে কারিগরি সমস্যাটি সমাধানে কাজ করে। প্রয়োজনীয় মেরামত ও কারিগরি কার্যক্রমের পর বিভিন্ন পরীক্ষা চালানো হয়। পরীক্ষাগুলোতে সংশ্লিষ্ট ব্যবস্থা উত্তীর্ণ হওয়ার পরই গুরুত্বপূর্ণ এই অনুমোদনের পথ খুলে যায়।
প্রকল্প সংশ্লিষ্টদের আশা, সব প্রক্রিয়া ঠিকভাবে এগোলে আগামী ডিসেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে।
কী এই ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’?
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ হলো এমন একটি গুরুত্বপূর্ণ পর্যায়, যখন রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন বিক্রিয়া শুরু করা হয়।
এ পর্যায়ে রিঅ্যাক্টরের ভেতরে পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রিতভাবে চলতে থাকে এবং ধীরে ধীরে সেটিকে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী অপারেশনাল অবস্থায় নেওয়া হয়। তবে ফার্স্ট ক্রিটিক্যালিটি মানেই সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। এর পরও বেশ কয়েকটি পরীক্ষা, যাচাই ও নিয়ন্ত্রক অনুমোদনের ধাপ পেরোতে হয়।
রূপপুর প্রকল্পের জন্য তাই বৃহস্পতিবারের অনুমোদনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই ধাপ সফলভাবে সম্পন্ন হলে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হবে এবং পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :