বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, দেশে কত?


দৈনিক বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

:: নিজস্ব প্রতিবেদক ::

মার্কিন শুল্ক নীতিসহ বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে বাংলাদেশে গত কয়েক দিন ধরে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৯ আগস্ট) পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করেছে।

বাজুস সূত্রে জানা যায়, ২৪ জুলাই রাতে দাম সমন্বয়ের পর থেকে বর্তমান মূল্যই বলবৎ রয়েছে। বর্তমানে ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিপ্রতি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও কারুকাজের মানভেদে মজুরির পরিমাণে তারতম্য হতে পারে।

বাজার বিশ্লেষকরা জানান, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বাড়লেও ডলারের দাম স্থিতিশীল থাকা এবং স্থানীয় বাজারে চাহিদা স্বাভাবিক থাকায় বাংলাদেশে দাম বৃদ্ধি হয়নি। তবে আন্তর্জাতিক বাজার যদি এই ঊর্ধ্বগতি বজায় রাখে, তাহলে আগামী সপ্তাহে দেশে স্বর্ণের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।

উল্লেখ্য, অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়ায়, যা বৈশ্বিক বাজারে দাম বাড়ার একটি বড় কারণ। বাংলাদেশে স্বর্ণের বাজার মূলত আন্তর্জাতিক বাজার, ডলারের দর এবং স্থানীয় চাহিদা-সরবরাহের ওপর নির্ভরশীল।