:: নিজস্ব প্রতিবেদক ::
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি চালানো ঘটনায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সহযোগী মোস্তাফিজুর রহমান টুটু (৫৩)–কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।
বরিশালের কোতয়ালী থানার ফকিরবাড়ী রোডের রাখালবাবু সড়কের মৃত গোলাম মহিউদ্দিনের ছেলে টুটু তাপসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন প্রভাবশালী ও ক্ষমতাশালী ছিলেন।
সিআইডি জানায়, টুটুর বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার ওপর হামলার কথা স্বীকার করেছেন। আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখা এবং সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
তদন্তে উঠে এসেছে, আন্দোলন চলাকালে টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দেন এবং আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এ ঘটনায় আদালতে তাকে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
সিআইডি আরও জানায়, আন্দোলনের সময় আব্দুল্লা সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আওয়ামীপন্থী সন্ত্রাসীরা তার মৃতদেহ গুমের চেষ্টা করে। এ ঘটনার পর বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে লিখিত অভিযোগ করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়।
এর আগে গত ১৫ মে সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী এস এম কামাল হায়দার এবং ১৭ জুন খোরশেদ আলম (৪৮)–কে গ্রেফতার করেছিল পুলিশ।
আপনার মতামত লিখুন :